| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৮:০৫:৫৮:অপরাহ্ন  |  ১৬৩২ বার পঠিত
চবিতে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার স্মরণে ‘শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ১২টি দল অংশ নেয়।

রোববার (২১ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে অ্যাকাউন্টিং বিভাগ ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ মুখোমুখি হয়। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাকাউন্টিং বিভাগ।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সালেহ জহুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল হলের প্রভোস্ট ড. মুহাম্মদ খালেদ আফজাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল আলম এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সালেহ জহুর বলেন, শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার নামে এমন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানে তার আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখবে। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার স্মৃতিকে সম্মান জানাতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তার আত্মত্যাগ ও বীরত্ব শিক্ষার্থীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বক্তারা শাহজালাল হল মাঠের সংস্কার ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪