কূটনৈতিক রিপোর্টার : সম্প্রতি চীনের কুনমিংয়ে ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্যা সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের একটি ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোনো পক্ষকে কোণঠাসা করতে নয়।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি সম্মেলনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
গত ১৯ জুন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। চীনের কুনমিংয়ে ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্যা সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এ বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলো একমত।’
ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘ইরানে আটকে পড়া ২৬ বাংলাদেশি আজকের মধ্যে পাকিস্তানে পৌঁছাবে। সেখান থেকে করাচিতে নেয়া হবে তাদের।’
তিনি আরও বলেন, ‘পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তা নেই। সম্পর্ক পুনর্বিন্যাসের কাজ চলছে।’
আসিয়ানের সদস্য রাষ্ট্র হওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বেলন, ‘আসিয়ানের সদস্য রাষ্ট্র হতে বাংলাদেশ এখনও অনেক দূরে রয়েছে। তবে বাংলাদেশ চায় আসিয়ানের সদস্য হতে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগস্ট মাসে মালেশিয়া সফরে যাচ্ছেন বলেও জানান তৌহিদ হোসেন।
রিপোর্টার্স ২৪/এমবি