ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের আলোচিত বরুণ কুমার ঘোষ হত্যা মামলার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা, সাক্ষীকে ভয়ভীতি দেখানো এবং নিহতের সম্পদ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নিহতের বড় ভাই অরুণ কুমার ঘোষের বিরুদ্ধে। এসব অভিযোগ করেছেন নিহতের স্ত্রী টুম্পা রানী ঘোষ।
বুধবার (২২ জুলাই) বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টুম্পা রানী ঘোষ দাবি করেন, তার ভাসুর অরুণ কুমার ঘোষ ও তাঁর সহযোগীরা হত্যা মামলার আসামিদের সঙ্গে যোগসাজশ করে মামলার বিচার ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে কয়েক কোটি টাকার সম্পত্তি আত্মসাতেরও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের ৯ জানুয়ারি তার স্বামী বরুণ কুমার ঘোষ নিহত হন। এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য গত ২২ জুন আদালতের দিন ধার্য ছিল। ওইদিন তিনি ঢাকার দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হলে ভাসুর অরুণ কুমার ঘোষ, তনুপ ঘোষসহ কয়েকজন তাকে ও তার ভাইকে আদালত প্রাঙ্গণেই প্রাণনাশের হুমকি দেন। এতে নিরাপত্তাহীনতায় তিনি সেদিন সাক্ষ্য দিতে পারেননি। আদালতের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে ঘটনার সত্যতা মিলবে বলেও দাবি করেন তিনি।
টুম্পা রানী আরও অভিযোগ করেন, স্বামী হত্যার ছয় মাস না পেরোতেই তার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করা হয়, যেখানে অভিযোগ করা হয় তিনি জমি বিক্রি করছেন। অথচ তার দাবি, অরুণ কুমার ঘোষ নিজেই ১৬টি দলিলের মাধ্যমে বরুণ ঘোষের ১৪৩ দশমিক ৫০ একর জমি বিক্রি করেছেন।
তিনি আরও বলেন, অরুণ কুমার ঘোষ নিয়মিত আইনজীবীদের চেম্বারে হত্যা মামলার আসামিদের সঙ্গে বৈঠক করেন। এ কারণে তার সন্দেহ, বরুণ ঘোষ হত্যাকাণ্ডের পেছনে ভাসুরের সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে তিনি সংবাদ সম্মেলনে কোনো প্রামাণ্য তথ্য উপস্থাপন করেননি।
সংবাদ সম্মেলনে টুম্পা রানী অভিযোগ করেন, অরুণ কুমার ঘোষ অতীতে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন এবং জেলা বিএনপির সভাপতির নাম ব্যবহার করে সম্পত্তি দখল ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও দাবি করেন। এছাড়া তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রাণনাশের আশঙ্কায় গত ১৯ জুলাই ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৩৬) করেছেন বলে জানান টুম্পা রানী। বর্তমানে তিনি নাবালিকা কন্যাকে নিয়ে ঝিনাইদহের হামদহ ঘোষপাড়ার বাড়ি ছেড়ে যশোরে বাবার বাড়িতে অবস্থান করছেন।
সংবাদ সম্মেলনে তিনি স্বামীর সম্পদ রক্ষায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তার বাবা সুভাষ ঘোষ ও ভাই আকাশ ঘোষ উপস্থিত ছিলেন।