| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা মেরামত করলো শিশু শিক্ষার্থীরাই

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ২০:০২:১৩:অপরাহ্ন  |  ১০০২ বার পঠিত
প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা মেরামত করলো শিশু শিক্ষার্থীরাই

মাগুরা প্রতিনিধি: টানা কয়েক দিনের বর্ষণে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মাগুরার শালিখা উপজেলার আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও দ্রুত সমাধান না পেয়ে শেষ পর্যন্ত শিক্ষকদের সহায়তায় নিজেরাই রাস্তা মেরামতের কাজে নেমে পড়ে তারা।

বুধবার (২২ জুলাই) শিক্ষার্থীরা ইটের খোয়া বিছিয়ে বিদ্যালয়ে যাওয়ার আধা কিলোমিটার কাঁচা রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে। ক্ষুদে শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগে স্থানীয়রা বিস্ময় ও প্রশংসা প্রকাশ করেন।

বিদ্যালয়টি শালিখা উপজেলা সদর আড়পাড়া থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে। দরিশলই চৌমুহনী-পিজের সড়ক থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। বহু বছর আগে রাস্তাটিতে ইটের সলিং করা হলেও গরুর গাড়ি, ট্রাক্টরসহ বিভিন্ন ভারী যানবাহনের চলাচলে সেটি ভেঙে যায়। সাম্প্রতিক টানা বর্ষণে রাস্তাটি আরও পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা প্রায় অসম্ভব হয়ে ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন জানান, শতাধিক শিক্ষার্থীর দুর্ভোগের বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তা সংস্কারের আবেদন করা হয়েছিল। আবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বিদ্যালয় পরিদর্শনও করেন। তবে দ্রুত কোনো সংস্কারকাজ শুরু না হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে ইটের খোয়া কিনে রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়। এ কাজে স্থানীয় বিএনপি নেতা শুভেন্দু বিশ্বাসও সহযোগিতা করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল মোল্যা জানায়, রাস্তা ভাঙা থাকায় সামান্য বৃষ্টি হলেই স্কুলে আসা যেত না। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে বাড়ি ফিরে যেতে হয়েছে। ঠিকমতো ক্লাস করতে না পারায় শেষ পর্যন্ত তারা নিজেরাই রাস্তা মেরামতের কাজে অংশ নেয়।

প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, "দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী। শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করেই আমরা নিজেরাই উদ্যোগ নিতে বাধ্য হয়েছি।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন তিনি পেয়েছেন এবং বিষয়টি সরেজমিনে পরিদর্শনও করেছেন। তিনি জানান, রাস্তাটি জেলা পরিষদের অধীন হওয়ায় এলজিইডির মাধ্যমে কাজ করা সম্ভব হয়নি। তবে উপজেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪