আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধ না হলে পুরো অঞ্চলই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। তেহরানের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে হয় যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে, নয়তো সংঘাত আরও বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্ট এ বলেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারবো না সেখানে অন্য কেউ তেল শান্তিতে তেল বিক্রি করতে পারবে না। ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এ অঞ্চলের জ্বালানি অবকাঠামো, তেল রপ্তানি ও নৌপথ নিরাপদ থাকবে না। তিনি দাবি করেন, যুদ্ধের সমীকরণ এখন ‘সব অথবা কিছুই নয়’।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারী যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট উৎপাদিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।
ইরানি কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও নির্বিঘ্নে তেল রপ্তানি করতে পারবে না। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে তেহরান।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আন্তর্জাতিক নৌ চলাচল ও জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হলে তার জবাব দেওয়া হবে। এদিকে লোহিত সাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি