ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের আমরোহা বিভাগে এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন। এমন অস্বাভাবিক বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তিন বোন হিন্দু ধর্ম রীতিতে এক যুবককে বিয়ে করছেন। ওই যুবক তার তিন বধূকে নিয়ে সাতবার আগুনের পাশ দিয়ে ঘোরেন। এরপর তাদের কপালে সিঁদুর লাগিয়ে দেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তিন বোনের নাম সারোজ, সাবিত্রি এবং সন্তোষ। তাদের বাড়ি আমরোহার ধোরিয়া গ্রামে। কেউ কেউ বলছেন এই তিনজনের মধ্যে দুজন আপন বোন আর আরেকজন তাদের চাচাত বোন। তবে সামাজিকমাধ্যমে অনেকে বলেছেন তাদের তিনজনই আপন বোন।
আর ওই বর ও যুবকের নাম বিকাশ। তিনি বিক্কু নামে পরিচিত। আলোচিত এ যুবক নারীদের সোশ্যাল মিডিয়া কনটেন্টের ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন।
প্রথমে অনেকে ভেবেছিলেন ওই বিয়ের বিষয়টি একটি অনলাইন ভিডিও কনটেন্ট। তবে পরবর্তীতে তিন বোন ও তাদের স্বামী জানান, তারা সত্যিই বিয়ে করেছেন। এটি কোনো কনটেন্ট নয়।
রিপোর্টার্স২৪/এম