| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ০৩:৩৪:৪৪:পূর্বাহ্ন  |  ১০৭৬ বার পঠিত
বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার দখলকৃত সরকারি খালগুলো দ্রুত দখলমুক্ত, পুনরুদ্ধার ও জনস্বার্থে ব্যবহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন এক্টিভিস্টা বাগেরহাট।

রোববার (২৬ জুলাই) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য শেখ ইমরান।

লিখিত বক্তব্যে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা বাগেরহাটে প্রায় ৫৪৭টি খাল রয়েছে। একসময় এসব খাল কৃষিতে সেচ, বর্ষার পানি নিষ্কাশন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও নৌযোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে অধিকাংশই দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। কোথাও মাছের ঘের নির্মাণ, কোথাও অবৈধ স্থাপনা এবং কোথাও খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ায় কৃষি, পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাগেরহাট পৌরসভার বাদিয়ার খাল, লিয়ারের খাল ও পুটিমারি খালসহ ষাটগম্বুজ ও ডেমা ইউনিয়নের শতাধিক খাল দখল ও ভরাটের শিকার। সরকারের চলমান খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, সরকারি রেকর্ডভুক্ত খালগুলো দখলমুক্ত না করে শুধু পুনঃখনন করা হলে এর সুফল দীর্ঘস্থায়ী হবে না।

বক্তারা বলেন, খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে, দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষা পাবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও এসব খাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দখলমুক্তের দাবিতে দীর্ঘদিন ধরে স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি, মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। দ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে খালগুলো জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।

বক্তারা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী ২৭ ও ২৮ জুলাই বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে এক্টিভিস্টার সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, আবু হুয়রায়রা শেখ, আবিদা ইসরাত জয়া, সীমা খাতুন, ছাব্বির শেখ, শান্তা খাতুন, সুমাইয়া ইসলাম মিম ও অমিত শীলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪