মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক রোকেয়া বেগম ইসলামপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সাহার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোকেয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়ির প্রবেশপথের পাশে খড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে ভুট্টার খড়ির গাদার ভেতর থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তাকে আটক করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সাহা বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।'
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব