| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে সাংবাদিকের সন্তানকে হত্যা ও স্ত্রীকে শ্লীলতাহানির হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৭:৪৯:৩৩:অপরাহ্ন  |  ৮১৪ বার পঠিত
সিরাজগঞ্জে সাংবাদিকের সন্তানকে হত্যা ও স্ত্রীকে শ্লীলতাহানির হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তাঁর ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যা ও স্ত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকিসহ গালিগালাজের প্রতিবাদ ও হুমকিদাতা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইন্নার পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হুমকি প্রদানের বিষয়টি গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থাপন করেন সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রী শাপলা আহমেদ। এ সময় হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ফোন দিয়ে তাঁর ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু। একই সঙ্গে তাঁকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তাঁর স্বামী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে, যা একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তাঁর সম্মানহানির শামিল বলে দাবি করেন তিনি। এর একটি কল রেকর্ড ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

তিনি আরও বলেন, গত রোববার (২৬ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু আমার ছেলে জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছে। একই সঙ্গে আমাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। একজন মা ও নারী হিসেবে আমার সম্মানে আঘাত করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে তাঁর ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সেটি ফেসবুকে পোস্ট করেন। এটি কেন্দ্র করে ছানোয়ার হোসেন সানু ফোনে হত্যার হুমকি দেন এবং তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

মা শাপলা আহমেদ তাঁর ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু ও তাঁর ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে গত ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করা হয়।

এ সময় সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার মা, সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, ভাই জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু ও জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪