| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দিনের মত অবস্থান

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৭:৫৯:৩৬:অপরাহ্ন  |  ৯৩৬ বার পঠিত
খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দিনের মত অবস্থান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের বিভিন্ন সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন পালন করেছেন এলাকাবাসী ও সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সদস্যরা।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দ্বিতীয় দিনেও প্রশাসনের পক্ষ থেকে খাল দখলমুক্ত করতে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ বা সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, জেলার অধিকাংশ সরকারি খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর অবৈধ দখলে রয়েছে। কোথাও বাঁধ ও পাটা দিয়ে মাছ চাষ করায় খালের স্বাভাবিক জোয়ার-ভাটার পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতা বৃদ্ধি, কৃষিজমিতে সেচ ও পানি নিষ্কাশনে সমস্যা, নৌযান চলাচলে প্রতিবন্ধকতা এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।

আন্দোলনকারীরা সাতফুলের খাল, ইমামবাড়ী খাল, খুন্তাকাটা খাল, মান্দারতলা খাল, রাম বাবুর খাল, বাদুখালীর খাল, পদ্মবিল-আমতলা খাল ও হোজির খালসহ জেলার বিভিন্ন সরকারি খাল দ্রুত দখলমুক্ত করার দাবি জানান। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, খালের সীমানা নির্ধারণ ও সংরক্ষণ এবং ভবিষ্যতে পুনর্দখল ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

অ্যাক্টিভিস্টা বাগেরহাটের প্রতিনিধি শেখ ইমরান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানানো হলেও খাল দখলমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একসময় এসব খাল থেকে মাছ ধরে বহু পরিবার জীবিকা নির্বাহ করলেও বর্তমানে প্রভাবশালী ব্যক্তিরা পানি নিয়ন্ত্রণ করে মাছ চাষ করছেন। এতে কৃষকরা প্রয়োজনের সময় পানি পাচ্ছেন না।

আন্দোলনে অংশ নেওয়া বমাফুজ মাঝি বলেন, শুধু বাগেরহাট সদর নয়, রামপাল উপজেলার বিভিন্ন সরকারি খালও দখল হয়ে আছে। কৃষি, পরিবেশ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত এসব খাল দখলমুক্ত করা প্রয়োজন।

এ বিষয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সরকারি খাল দখলমুক্ত করার দাবির সঙ্গে প্রশাসন একমত। আন্দোলনকারীদের স্মারকলিপি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। খাল দখলের কারণে কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরকারি খাল দখলমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি দাবিগুলো জানিয়ে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪