ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার সুযোগ নিশ্চিত করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের চলমান ‘সান্ধ্য আইন’ বাতিল করে সব ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা রাখাসহ তিন দফা দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. ছাত্রী হলে প্রচলিত সান্ধ্য আইন (কারফিউ) বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রীদের বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে যেকোনো ছাত্রী হলে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে এবং অনুমতি সাপেক্ষে রাতে অবস্থানের সুযোগ দিতে হবে।
৩. ছাত্রীদের পরিবারের নারী সদস্যদের হলের কক্ষে যাওয়ার অনুমতি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্যহীন ছাত্রী হল’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ দাবি জানানো হয়েছে।
তারা বলেন, বর্তমান সময়ে ছাত্রীদের শিক্ষা, গবেষণা, চিকিৎসা, সাংগঠনিক কার্যক্রম, পারিবারিক প্রয়োজন এবং ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কারণে যেকোনো সময় হলে প্রবেশ ও বের হওয়ার প্রয়োজন হতে পারে। তাই সময়সীমা বাড়ানো নয়, বরং একটি নিয়মতান্ত্রিক, নিরাপদ ও সুশৃঙ্খল ২৪ ঘণ্টার প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা চালু করা সময়ের দাবি।
স্মারকলিপি দেওয়ার সময় ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তম্বী, সদস্য হেমা চাকমা, সুফিয়া কামাল হলের ভিপি সানজিদা চৌধুরী রাত্রি এবং ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক চিন্ময় মেঘলা ফারিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব