নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় গরু নিয়ে হাঠে যাওয়ার পথে সেতুর উচ্চতা নিয়ন্ত্রণ বারের আঘাতে মনির কাজি নামে (৪৮) এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় মিলন খান নামে আরেক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। নিহত মনির কাজি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের রোকন কাজির ছেলে এবং আহত মিলন খান একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।
সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার চিত্রা সেতুর পূর্ব প্রান্তে আউড়িয়া ইউনিয়নের সিমাখালি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
পুলিশ ও নিহতের সাথে থাকা অন্য ব্যবসায়ীরা জানান, লোহাগড়া উপজেলার কোলা গ্রাম থেকে নসিমন করে যশোর জেলার ভাঙ্গুড়া গরুর হাঠে গরু কিনতে যাচ্ছিলেন, মনির কাজি, মিলন খানসহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী। এসময় মনির কাজি ও মিলন খান গরুবাহী গাড়ি নসিমনে দাড়িয়ে ছিলেন। বাকিরা নসিমনে বসে ছিলেন। প্রতিমধ্য সদর উপজেলার চিত্রা সেতুর পূর্ব পাশে পৌছালে সেতুর উচ্চতা নিয়ন্ত্রণ বারের সাথে মনির কাজি ও মিলন খানের মাথায় ও মুখে আঘাত লাগে। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজিকে মৃত ঘোষণা করেন। এবং আহত মিলন খান নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব