নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় মো. রুবেল শেখ নামে (২৮) এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রী মোছা. আদরী বেগমের (২০) বিরুদ্ধে। ভুক্তভোগী যুবক রুবেলের পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই লেগেছে। আহত রুবেল শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোহাগড়া পৌর এলাকার গোপিনাথপুর গ্রামে আহত যুবকের শশুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।
স্থানীয়রা জানান, আহত রুবেল শেখ লোহাগড়া পৌরসভার গোপিনাথপুরে তার শশুর বাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। এবং ভাংড়িমালের ব্যবসা করতেন। তার স্ত্রী আদরী বেগম ওই গ্রামের বাদল ইসলামের মেয়ে।
ভুক্তভোগী রুবেল শেখ বলেন, তার স্ত্রী আদরী বেগমের সাথে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহ নিয়ে বিভিন্ন সময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জেরে ধরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আদরি বেগম তার বুকের উপরে বসে ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার করলে বাড়িতে থাকা অন্য লোকজন ও স্থানীয়দের সহোযোগিতায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে তার ক্ষত স্থানে ৮টি সেলাই দেয়া হয়। এ ঘটনায় তিনি থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান।
এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের স্ত্রী আদরী বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব