ইন্টারন্যাশনাল ডেস্ক: গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। প্রবল বাতাসের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন করে আরও কয়েকটি দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্রিট দ্বীপের একটি বনাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দুই দমকলকর্মী নিহত হন। এ ছাড়া পেলোপনিস উপদ্বীপের গিথিও বন্দরের কাছে আরেক দমকলকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দমকলকর্মী শারীরিক জটিলতার কারণে মারা যান।
রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটির প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমাঞ্চলীয় শহর রেথিমনোর কাছে পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় দমকলের একটি গাড়ি আগুনের মধ্যে আটকা পড়ে। এ ঘটনায় গাড়িতে থাকা দুই দমকলকর্মীর মৃত্যু হয়। দমকল বিভাগের উপমুখপাত্র ইয়ানিস আরতোপিওস বলেন, দায়িত্ব পালন করতে গিয়েই দুই দমকলকর্মী প্রাণ হারিয়েছেন।
স্থানীয় কর্মকর্তা সিফিস ভাভুরাকিস জানান, রেথিমনোর কাছে দাবানল ১৫ কিলোমিটারেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নিয়ন্ত্রণে ১৫০ জনের বেশি দমকলকর্মী ও আটটি অগ্নিনির্বাপক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।
তবে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগের ঝড়ো বাতাসের কারণে আকাশপথে আগুন নিয়ন্ত্রণে বড় ধরনের বাধার সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় অন্তত ছয়টি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, পারোস ও লেসবস দ্বীপ এবং পেলোপনিসের মেসিনিয়া ও লাকোনিয়া এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। পারোসে মঙ্গলবার ও বুধবার প্রায় ১০টি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
লেসবসের প্লোমারি শহরের কাছে একটি ল্যান্ডফিল এলাকায় আগুন নিয়ন্ত্রণে ৫০ জন দমকলকর্মী, ১৩টি অগ্নিনির্বাপক গাড়ি এবং ছয়টি উড়োজাহাজ কাজ করছে।
প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যায়। এসব কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি হয়।
বৃহস্পতিবারের জন্য দেশটির বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয় ক্রিট, বৃহত্তর এথেন্স, পূর্ব পেলোপনিস এবং এজিয়ান সাগরের বেশিরভাগ দ্বীপে সর্বোচ্চ সতর্কতার কাছাকাছি পর্যায়ের অগ্নিঝুঁকি জারি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম