যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের ৪ কিলোমিটার অংশের সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়কটি সংস্কার ও প্রশস্ত করার দাবি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সড়ক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয়দের নজরদারিরও আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।
রিপোর্টার্স২৪/রাফিদ