নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর হাতুড়ির আঘাতে জেসমিন খানম নামে (৩২) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী জসিম শেখ ঘটনার পরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
রবিবার (২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধু জেসমিন খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত জেসমিন খানম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। এবং তার স্বামী জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে জসিম তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটান। এতে জেসমিন খানম গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব