নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানভীর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার বেন্দারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর বেন্দারচর গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে নিজের চায়ের দোকানে ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করছিল তানভীর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়। পরে দোকানে থাকা ক্রেতারা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানভীরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছেন তারা। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
রিপোর্টার্স২৪/রাফিদ