সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালজুড়ে প্রচুর ধোঁয়া রয়েছে। উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের নারী, শিশু ও বয়স্ক রোগীসহ স্বজনরা আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রচুর ধোঁয়া রয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। কাজ শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব