মেহেরপুর প্রতিনিধি: কৃষকদের কৃষি সেবা সহজীকরণ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ বলেন, কৃষক কার্ড চালুর উদ্যোগ বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ইতোমধ্যে মেহেরপুরসহ সারা দেশেই কৃষকদের সার্বিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তথ্য সংগ্রহ শেষ হলে কৃষকরা তাদের ক্যাটাগরি অনুযায়ী সরাসরি সরকারি সুযোগ-সুবিধা ও প্রণোদনা পাবেন। এই সরকারের মূল লক্ষ্যই হলো কৃষকের প্রতিটি কাজ সহজ ও ঝামেলামুক্ত করে দেওয়া।
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা জানি কৃষকরা তাদের ফসলের সঠিক দাম পান না; লাভের বড় অংশটাই চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। কৃষক যেন সরাসরি তাদের পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে খুব শিগগিরই প্রতিটি ইউনিয়নে সরকারি উদ্যোগে 'ক্রয়-বিক্রয় সেন্টার' খোলার পরিকল্পনা রয়েছে।"
সারের বর্তমান পরিস্থিতি ও সংকট নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, সারের সংকট কিছুটা বাস্তব হলেও অনেকটা কৃত্রিম। মেহেরপুরে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন হয়, যা দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি। ফলে এখানে সারের চাহিদাও অনেক বেশি থাকে এবং সে অনুযায়ী সরবরাহ না থাকায় একটি প্রাকৃতিক ঘাটতি তৈরি হয়। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে। তবে আশা করছি খুব দ্রুতই এই সংকট কেটে যাবে।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।
অনুষ্ঠান শেষে মেহেরপুর সদর উপজেলার নির্বাচিত ৮৮ জন কৃষকের হাতে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। জেলা পরিষদের এই সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষকরা ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব