কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, “আমরা ১১ দলীয় সংসদ সদস্যরা যদি সংসদ বয়কট করে রাজপথে নেমে আসি, তাহলে দুই দিনও টিকতে পারবেন না। তাই দেশের স্বার্থে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করুন। জুলাই সনদ মেনে নিতে যদি আমাদের সমস্যা না থাকে, তাহলে আপনাদের সমস্যা কোথায়?”
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মুফতি আমির হামজা বলেন, “এই মানুষগুলোকে সামলান। অন্যথায় শেখ হাসিনাকে যেভাবে দেশ ছাড়তে হয়েছে, আপনাকেও বিদায় করার জন্য আপনার এই গুন্ডাবাহিনীই যথেষ্ট।”
তিনি আরও বলেন, “আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছে, তারা প্রকৃত অপরাধী। ছাত্রদল বা যুবদলের নাম ব্যবহার করে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করা উচিত।”
জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা মন্ত্রণালয় পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু এ বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।” একই সঙ্গে তিনি বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগও তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ।
এ সময় বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক এবং এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি গণমিছিল বের করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব