মাগুরা প্রতিনিধি: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার পৈত্রিক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন হামলার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কিছুক্ষণ আগে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আহসান হাবিব বলেন, ‘কয়েকজন যুবক এসে ঢিল দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করে। পরপর কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে বাড়ির লোহার গেটের ওপরের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত তা নিভিয়ে ফেলেন।’
তিনি আরও জানান, হামলার সময় সাকিব আল হাসানের পরিবারের কেউ ওই বাড়িতে ছিলেন না। ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে শুধু একজন কেয়ারটেকার থাকেন। হামলাকারীরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নেন সাকিব আল হাসান। লাইভ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরই হামলাকারীরা এসে বোমা বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপ করে।
প্রসঙ্গত, ক্রিকেটার সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব