মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভায় হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। দাওয়াত না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উপজেলা যুবদলের এক নেতার নেতৃত্বে হামলার ঘটনায় সভাটি পণ্ড হয়ে যায় বলে অভিযোগ করেছেন আয়োজকরা। এ ঘটনায় তরিকুল ইসলাম (৩৫) নামে একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খামারপাড়া বাজার কমিটির উদ্যোগে এবং শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, খামারপাড়া বাজারের হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। প্রথমে বিকেল ৪টায় সভার সময় নির্ধারণ করা হলেও ব্যস্ততার কারণে পরে সন্ধ্যায় সভা শুরু হয়।
অভিযোগ রয়েছে, সভা শুরুর কিছুক্ষণ আগে উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান সেখানে এসে সভা সম্পর্কে জানতে চান। বিষয়টি জানানো হলে তিনি উপস্থিত লোকজনকে সভাস্থল ত্যাগ করতে বলেন এবং সভা বন্ধ করার চেষ্টা করেন। একপর্যায়ে তার সঙ্গে থাকা কয়েকজন উপস্থিতদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে বরিশাট গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম আহত হন।
উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ বলেন, “ওসি সাহেবের উদ্যোগেই সভাটি আয়োজন করা হয়েছিল। কিন্তু সদস্য সচিব তুফান এসে সভা ভণ্ডুল করে দেন এবং মারধরের ঘটনা ঘটান।” তবে এ বিষয়ে অভিযুক্ত উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফানের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওলি মিয়া বলেন, “বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক সভার জন্য বাজার কমিটিকে বলা হয়েছিল। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টার্স২৪/নাঈম