| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৪:২২:৫৬:পূর্বাহ্ন  |  ৭৫৬৭৬৯ বার পঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ইউএনওর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত আন্দোলনকারীরা ইউএনও কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম করা হয়েছে। তারা নিয়োগপ্রক্রিয়া পুনরায় যাচাই-বাছাই এবং ইউএনওর অপসারণের দাবি জানান।

ঘেরাও চলাকালে দুপুর ১২টা ১১ মিনিটের দিকে ইউএনও কার্যালয়ের প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদ্দেশে নিয়োগপ্রাপ্তদের পুনরায় যাচাই-বাছাইয়ের আশ্বাস দেওয়া হয়। এরপর আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের আলটিমেটাম দিয়ে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান ও সদস্য সচিব আবু কাউসার অপুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের স্থানীয় প্রতিনিধি সাজেদা পারভিন, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন কমিটির সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহা, কুমারখালী পৌর ছাত্রদল নেতা কামরুজ্জামান সোয়াদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪