শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছেলে মো. আব্দুল মোমিন।
রোববার (৯ আগস্ট) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোমিন দাবি করেন, তাঁর ও তাঁর স্ত্রী আম্বিয়া বেগমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তাঁরা তাঁর বৃদ্ধা মাকে কখনো নির্যাতন করেননি এবং বাড়ি থেকেও বের করে দেননি।
লিখিত বক্তব্যে আব্দুল মোমিন বলেন, গত ২৮ জুলাই একটি গণমাধ্যমে তাঁর ৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এতে তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হলেও সংবাদ প্রকাশের আগে তাঁদের বক্তব্য নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
আব্দুল মোমিনের দাবি, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাঁকে ও তাঁর স্ত্রীকে সামাজিকভাবে হেয় করতে এসব অভিযোগ করা হয়েছে। তাঁর নিলাম খরিদা জমি নিয়ে ছোট ভাই আব্দুল মালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি দখল বা আত্মসাতের উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর ছোট ভাইসহ কয়েকজন তাঁর বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে গণমাধ্যমে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন। এ কাজে মো. ইদ্রিস আলী তাঁর ছোট ভাইকে পরামর্শ দিচ্ছেন বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন বলেন, তাঁর মা বর্তমানে তাঁর সংসারে বসবাস করেন না। তাই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া কিংবা নির্যাতনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি করেন। একই সঙ্গে তাঁর ও তাঁর স্ত্রীর বক্তব্য গ্রহণ এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।
এ সময় অভিযোগ থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেন আব্দুল মোমিন।
তবে বৃদ্ধা মায়ের বক্তব্য, অভিযোগকারী স্বজনদের বক্তব্য কিংবা পূর্বে প্রকাশিত সংবাদের প্রতিবেদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব