| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক, নিজ দেশে ফিরলেন আটক ৩ নাগরিক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ১৬:৪১:৩০:অপরাহ্ন  |  ১০১৪ বার পঠিত
মেহেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক, নিজ দেশে ফিরলেন আটক ৩ নাগরিক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক থাকা তিন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে ইছাখালী সীমান্তের শূন্যরেখায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিএসএফের কাছ থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিক হলেন ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে বৃদ্ধ আব্দুল মান্নান (৭০)। অন্যদিকে বিজিবির কাছ থেকে ফেরত যাওয়া দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মৃত মনমোহন দাসের ছেলে শ্রী শচীন দাস (৬৫) এবং একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে শ্রী নরতন বিশ্বাস (৩৫)।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে কৃষক আব্দুল মান্নান বাড়ির পাশের শূন্যরেখা সংলগ্ন মাঠে নিজের জমিতে মরিচ গাছে কীটনাশক দিতে যান। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

আব্দুল মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ১২৩/৩-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিক শচীন দাস ও নরতন বিশ্বাসকে ধরে এনে ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান ঘটাতে ইছাখালী সীমান্তের শূন্যরেখায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সীমান্ত পরিস্থিতি এবং আটক তিন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আটক নাগরিকদের একে অপরের কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ইছাখালী বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু হানিফ এবং ভারতের পক্ষে নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজিব কুমার নিজ নিজ বাহিনীর প্রতিনিধিত্ব করেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তের শূন্যরেখায় হঠাৎ তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসনে দ্রুত পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। অত্যন্ত ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে আটক তিন নাগরিককে নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নাগরিকদের হস্তান্তরের পর সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪