রিপোর্টার্স২৪ ডেস্ক: তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। তবে এটি শুধু একটি ধারণার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; বাস্তবে তা প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, দেশের জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে তরুণদের উপযুক্ত শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ারও পরামর্শ দেন।
ডা. জাহিদ হোসেন বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের সিড মানি দেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে।
অনুষ্ঠানের আলোচকরা তরুণদের বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দক্ষতা উন্নয়নের পাশাপাশি নেটওয়ার্কিং বাড়ানোর জন্যও তরুণদের উৎসাহিত করা হয়।
তরুণদের শুধু শিক্ষার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং ইতিবাচক পরিবর্তনের নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান আলোচকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম