| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাকসামে নিখোঁজের ১০ দিন পর ধানখেতে যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ১১:১৩:৩০:পূর্বাহ্ন  |  ৫২৫ বার পঠিত
লাকসামে নিখোঁজের ১০ দিন পর ধানখেতে যুবকের মরদেহ উদ্ধার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে নিখোঁজের ১০ দিন পর কাউসার হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। কাউসার ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কাউসার। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সন্ধান পাননি। রোববার সকালে তারাপুর গ্রামের একটি ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ও উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে বস্তাবন্দী বেশ কিছু সিগারেট উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি কাউসারের বাড়ির পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। উদ্ধার করা সিগারেটের বস্তার সঙ্গে ওই চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪