| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসেম্বরেই বিয়ে করছেন ডি পল ও স্তোসেল!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৭:২৬:২৫:অপরাহ্ন  |  ৫৭০ বার পঠিত
ডিসেম্বরেই বিয়ে করছেন ডি পল ও স্তোসেল!

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের সময় থেকেই আলোচনায় থাকা আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল ও লাতিন পপ তারকা টিনি স্তোসেলের প্রেম এবার বিয়ের পিঁড়িতে গড়ানোর পথে। বাগদানের পর থেকেই কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে জোর গুঞ্জন উঠেছে।

আর্জেন্টিনার প্রভাবশালী ক্রীড়াদৈনিক ‘ওলে’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডি পল ও স্তোসেলের বিয়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্তোসেলের সাম্প্রতিক এক পোস্টও সেই জল্পনাকে আরও জোরালো করেছে।

স্তোসেল সম্প্রতি আঙুলে ঝলমলে বাগদানের আংটি পরা একটি ছবি প্রকাশ করেন। সেখানে ডি পলের উদ্দেশে আবেগঘন বার্তায় নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের কথা জানান তিনি। পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে প্যারিসে গেছেন স্তোসেল। সেখানে নিজের স্বপ্নের বিয়ের পোশাকের প্রথম ট্রায়ালও দিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এই পপ তারকা জানান, প্রথমে তিনি ভেবেছিলেন শুধু পোশাকের নমুনা দেখতে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি পরে দেখার সুযোগ পেয়ে তিনি ভীষণ আবেগাপ্লুত ও আনন্দিত হন।

বিশেষ সেই মুহূর্তের কথা প্রেমিক ডি পলের সঙ্গেও ভাগ করে নেন স্তোসেল। ট্রায়াল রুম থেকেই ফুটবলারকে ফোন করেন তিনি। জবাবে ডি পলও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। স্তোসেলের এমন বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির এই তারকা।

২০২৬ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন ডি পল ও স্তোসেল। এরপর থেকেই তাদের ভক্তদের মধ্যে সবচেয়ে বড় কৌতূহল ছিল—কবে হবে বহু প্রতীক্ষিত বিয়ে?

যদিও ডি পল কিংবা স্তোসেল এখনো বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি, আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘পোর এল মুন্দো’-তে উপস্থাপিকা সুসানা হিমেনেস ও আলেহান্দ্রো ‘মার্লে’ ভিয়েবে আলোচনায় সম্ভাব্য তারিখ হিসেবে ১৯ ডিসেম্বর ২০২৬-এর কথা জানিয়েছেন।

ফলে এখন ১৯ ডিসেম্বর ঘিরেই বিয়ের গুঞ্জন সবচেয়ে বেশি জোরালো হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারিখটিকে নিশ্চিত না হয়ে সম্ভাব্য হিসেবেই দেখছেন ভক্তরা।

২০২২ কাতার বিশ্বকাপের সময় থেকে আলোচনায় থাকা এই তারকা জুটির সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। এবার বিয়ের গুঞ্জন সত্যি হলে ফুটবল ও সংগীতজগতের অন্যতম আলোচিত জুটির প্রেমকাহিনিতে যোগ হবে নতুন অধ্যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪