বাগেরহাট প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে পৃথক দুটি অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই দুই এলাকা থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় মাংসের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। উদ্ধার করা মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা এবং হরিণ শিকার, হত্যা ও পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করবে।
সুন্দরবনে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও পাচার দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে। অবৈধ শিকার ও মাংসের ব্যবসা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নলিয়ানে সর্বশেষ এ অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম