কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলায় যারা জড়িত তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। একই সাথে হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া হাজী শরীয়ত উল্লাহ অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান আমির হামজা।
লিখিত বক্তব্যে আমির হামজা বলেন, শনিবার তার ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটি কুষ্টিয়াবাসীর সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার দাবি, নির্ধারিত নির্বাচনি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।আমির হামজা বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা বা সাধারণ রাজনৈতিক পরিবেশের পরিস্থিতি ছিল না। এটি গণঅধিকার পরিষদের সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত হামলা। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের নিরাপত্তার জন্য কাজ করছেন। কিন্তু যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালানোর সাহস দেখায়, তারা সমাজ ও কুষ্টিয়া বাসীর শত্রু।হামলার ঘটনায় তিন দফা দাবি তুলে ধরেন এ সংসদ সদস্য। দাবিগুলোর মধ্যে রয়েছে, হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ধ্রুব