| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১,৫০০ রোগী, ছিল খাবারের ব্যবস্থাও

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৬ ইং | ২২:২৩:২৬:অপরাহ্ন  |  ৪৭২ বার পঠিত
বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১,৫০০ রোগী, ছিল খাবারের ব্যবস্থাও

বেনাপোল প্রতিনিধি: স্থলবন্দর বেনাপোলে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় ১ হাজার ৫০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। শিবিরে আগত প্রতিটি রোগীর জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।

রোববার (২৩ আগস্ট) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব যশোরের উদ্যোগে এবং ‘দ্য ফ্রড হলোস ফাউন্ডেশন’ ও খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয়।

আয়োজনটির সার্বিক সৌজন্যে ছিলেন রোটারী ক্লাব অব যশোরের সদস্য, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি রোটারিয়ান এ.কে.এম আতিকুজ্জামান সনি।

শিবিরে রোগীদের ছানি অপারেশন ও চোখে লেন্স (IOL) সংযোজনের জন্য পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। দিনব্যাপী খুলনার শিরোমনি বি.এন.এস.বি (আই) হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চিকিৎসাসেবা দেন। চিকিৎসক দলের সঙ্গে সহকারী সার্জন, ক্যাম্প পরিচালক ও সহকারী, চশমা নির্বাচন কর্মকর্তা এবং পরিবহনকর্মীরা দায়িত্ব পালন করেন।

আয়োজক এ.কে.এম আতিকুজ্জামান সনি বলেন, “রোটারীর সদস্য হিসেবে এ ধরনের আই ক্যাম্প আয়োজনের সুযোগ রয়েছে। আমাদের এলাকায় অনেক দরিদ্র ও অসহায় মানুষ আছেন, যারা অর্থের অভাবে চোখের অপারেশন করাতে পারেন না। তাদের পাশে দাঁড়াতে চাই। তাই প্রতি বছর একই স্থানে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে বেনাপোলে বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রোটারী হাসপাতালের বিভিন্ন শারীরিক পরীক্ষা ও চিকিৎসাসেবায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “এটি কোনো দয়া বা করুণা নয়; রোটারী ইন্টারন্যাশনাল ও সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি সামাজিক প্রয়াস।”

চক্ষু শিবির সফলভাবে পরিচালনায় বেনাপোল ও শার্শা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, পুলিশ, আনসার এবং বন্দর নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেন।

শিবিরে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে খাবারের ব্যবস্থা করায় রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪