নড়াইল প্রতিনিধি: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আয়োজিত দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শেষ হয়েছে। উৎসবের সমাপনী দিনে আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান। এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
সমাপনী অনুষ্ঠানে ‘আলোকচিত্র প্রদর্শনী’তে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ প্রদর্শনীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ডিবিসির নড়াইল জেলা প্রতিনিধি ফরহাদ খান, আরটিভির সাংবাদিক মোস্তফা কামালসহ পাঁচজন। আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার ৪০ জন অংশগ্রহণ করেন।
এছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস, চিত্রশিল্পী ডিডি মল্লিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমানসহ সুলতানপ্রেমীরা।
সমাপনী আয়োজনে ‘ড্রামা সার্কেল’, নড়াইলের পরিবেশনায় **‘এখনও কৃতদাস’** নাটক মঞ্চস্থ হয়। পাশাপাশি আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলায় ব্যাপক লোকসমাগম ঘটে।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে দু’দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে পরিচিত এস এম সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব