অভয়নগর (যশোর) প্রতিনিধি: পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় প্রথম শ্রেণির পৌরসভা হলেও কাংখিত নাগরিক সেবা পাচ্ছেন না যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বাসিন্দারা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ও ২০০৫ সালে প্রথম শ্রেণীতে উন্নীত এই পৌরসভার নেই নিজস্ব খেলার মাঠ, শিশু পার্ক, পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের ব্যাবস্থা।
নাগরিকের অভিযোগ, নামেই মাত্র প্রথম শ্রেণির পৌরসভা। যেখানে জাতীয় সনদপত্র, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদপত্র পেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবার পরিবর্তে বেড়েছে জমি ও বাড়ির কর।
একই সাথে নদী, সড়ক পথ ও রেলপথ ব্যাবহারের সুবিধা ও মোংলা বন্দর থেকে নদী পথে যাতায়াত সহজ হওয়াতে আমদানি ও রফতানির জন্য নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক গুলো হালকা ও ভারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ঘাট, গোডাউন। এ সব শিল্প প্রতিষ্ঠান ও ঘাট, গোডাউন ব্যাবহারে জন্য আবাসিক এলাকার সড়ক ব্যাবহার করে চলাচল করে অনেক ভারী-ভারী যানবাহন। ভারী যানবাহন চলাচলের অনুপযোগী এ সব সড়ক তৈরির অল্প দিনেই নষ্ট হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার ৯ টি ওয়ার্ডের অধিকাংশ সড়ক জরাজীর্ণ অবস্থায় । পৌর কতৃপক্ষের উদাসীনতায় মেরামতের অভাবে অনেক সড়কের অবস্থা গ্রামের কাচা রাস্তার মতো।
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার জন্য অল্প বৃষ্টিতেই অধিকাংশ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা । জলাবদ্ধতার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যাতায়াত অসম্ভব হয়ে পড়ে।
সবচেয়ে খারাপ অবস্থা ১,২ ও ৩ ওয়ার্ডের সড়কের। স্থানীয়দের অভিযোগ দুর্বল ভাবে তৈরির পরে মেরামত না করাতে পিচের সোলিং উঠে মাটির রাস্তায় পরিনত হয়েছে। জনবহুল এলাকার প্রয়োজনীয় অনেক রাস্তা তৈরিই করেনি পৌর কর্তৃপক্ষ।
পৌর সভার অধিকাংশ সড়কে নেই সড়ক বাতি। যে গুলো আছে সেগুলো ও রক্ষনাবেক্ষনের অভাবে অচল প্রায়।
বেঙ্গল রেলক্রসিং থেকে ডিএন মোড় পর্যন্ত পৌরসভার একমাত্র ফুটপাত তদারকি ও রক্ষনাবেক্ষনের অভাবে অধিকাংশ যায়গা এখন অবৈধ দখল দারের কবলে। ফুটপাতের অনেক অংশ পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে। ভৈরব নদের পাড় দিয়ে তৈরি পৌর সভার একমাত্র ওয়াক ওয়েটি ঘাট মালিক, স্থানীয় ব্যবসায়ী ও নেশা খোরদের দখলে।
নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, পৌর সভায় বিভিন্ন সমস্যা নিয়ে আইন শৃঙ্খলার মিটিং এ আলোচনা হয়েছে। অবৈধ দখলখারদের বিরুদ্ধে খুব দ্রুত অভিযান পরিচালিত হবে ।
রিপোর্টার্স২৪/ধ্রুব