| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ২১:৪১:৩৭:অপরাহ্ন  |  ২৯৩ বার পঠিত
রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, শিশুবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধে করণীয় বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে রামপাল মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সব সুবিধা সম্পর্কে জনগণ সময়মতো তথ্য জানতে পারলে, সচেতন হলে এবং নির্ধারিত সময়ের মধ্যে সেবা গ্রহণে উদ্যোগী হলে সেবা প্রদান ও গ্রহণের প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে শিশুবিবাহ বন্ধ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। নারী নির্যাতনবিরোধী আইন ও সংশ্লিষ্ট হটলাইন নম্বরগুলো ব্যাপকভাবে প্রচারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন শিশুবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোরভাবে আইন প্রয়োগ করে আসছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, গৌরম্ভা ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান এবং অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাফফর হোসেন।

দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যানের সহযোগিতায় পরিচালিত নাগরিক প্রকল্পের আওতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষার্থী এবং নাগরিক প্রকল্পের আওতায় রামপালে গঠিত তিনটি নাগরিক ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।

সংলাপের উদ্দেশ্য ও নাগরিক ফোরামের কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক কবির আকবর।

মুক্ত আলোচনায় অংশ নেন নির্বাচিত জনপ্রতিনিধি বাবু চম্পক কুমার কুন্ডু, মোফাজ্জেল হোসেন বাবু, ফিরোজ শেখ, আবু মুছা আকুঞ্জি, রোজিনা ইয়াসমিন, দীপ্তি রানী হালদার, আ. সালাম শেখ, নাগরিক ফোরাম নেত্রী লায়লা সুলতানা, এঞ্জেল মৃধা, ছবি রানী মণ্ডল, সাবেরা তুলি, তাসলিমা আক্তার বৃষ্টি, রিক্তা আক্তার, সাবিনা খাতুন, নাগরিক নেতা মোতাহার হোসেন মল্লিক, মেহেদি হাসান, সুজন মজুমদার, লিয়াকত হাওলাদারসহ অনেকে।

সংলাপে অংশগ্রহণকারীরা সরকারি সেবা পাওয়ার পদ্ধতি সহজতর করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে ব্যাপক প্রচার, শিশুবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সঙ্গে কাজ করা, শিশুদের শিক্ষা নিশ্চিত করা, যৌতুক বন্ধ, যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে শিশুদের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং নারী নির্যাতন প্রতিরোধে প্রচলিত আইন ও হটলাইন সম্পর্কে ব্যাপক প্রচারের সুপারিশ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪