শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘যুগ আসে যুগ যায়, কিন্তু সমাজে কিছু মিরজাফর থেকে যায়’—মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ‘মিরজাফররা’ যাতে কোনো সুযোগ নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং দলকে সুসংগঠিত করতে বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকেল ৩টায় শ্যামনগর পৌর সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক-ই-এলাহী মুন্না।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাকসুর সাবেক নেতা ও শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, কেন্দ্রীয় কৃষকদলের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী খান আব্দুস সালাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আব্দুস শহীদ, আবুল কালাম মোড়ল, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মনিরুজ্জামান আরও বলেন, সম্প্রতি কেন্দ্র থেকে শ্যামনগর উপজেলা বিএনপির জন্য আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ওই কমিটি গঠন করা হলেও ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিরোধিতাকারী ‘মিরজাফররা’ কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর পাশাপাশি বিভিন্নভাবে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
এসব ব্যক্তির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় সংসদের প্রধান বিরোধী দলের দৃষ্টি আকর্ষণ করে ড. মনিরুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর কারণে শ্যামনগরবাসীসহ জাতীয় সংসদ লজ্জিত হয়েছে। তাকে সম্পূর্ণভাবে ত্যাগ করার মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারলে শ্যামনগরের উন্নয়নে সরকারি ও বিরোধী দল একযোগে কাজ করতে বদ্ধপরিকর থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব