বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের এক কর্মীর কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ওই কর্মীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করারও অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাগেরহাট নাগেরবাজার এলাকার একটি বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে কর্মরত ওই কর্মী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পরে সকাল আনুমানিক ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার ২ নম্বর বেমরতা ইউনিয়নের বেলতলা এলাকার হাটের মোড় থেকে চেয়ারম্যানের বাড়ির দিকে যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করেন।
অভিযোগে বলা হয়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি ওই কর্মীর গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখান। পরে তার কাছে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের একজন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ওই কর্মী আহত হন।
বাগেরহাট বিকাশ ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, “সকালে তিন লাখ টাকা দিয়ে আমাদের এক কর্মীকে পাঠানো হয়েছিল। দিউ ভদ্রডাড়া এলাকা থেকে তিনটি মোটরসাইকেলে আসা দেশীয় অস্ত্রধারীরা তার গতিরোধ করে তিন লাখ টাকা নিয়ে যায়। এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। আশা করি ছিনতাইকারীদের শনাক্ত করে আটক করা সম্ভব হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম