| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৫:০০:৩৫:অপরাহ্ন  |  ৯৩১ বার পঠিত
ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ

বিনোদন ডেস্ক: সংগীতপ্রেমীদের কাছে ‘কোক স্টুডিও’ মানেই ভিন্ন এক আবেগ ও সুরের জগৎ। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—তিন দেশের কোক স্টুডিওর সংস্করণ নিয়েই ভক্তদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

এক সাক্ষাৎকারে পাকিস্তানের কোক স্টুডিওর সঙ্গে ভারতের সংস্করণের তুলনা করতে গিয়ে নিজের মতামত খোলামেলাভাবে জানিয়েছেন এই তারকা। তার মতে, পাকিস্তানের কোক স্টুডিওর যে প্রাণ ও আবেদন রয়েছে, ভারতের সংস্করণ এখনো তার কাছাকাছি পৌঁছাতে পারেনি। বিশেষ করে ভারতীয় সংস্করণে সেই বিশেষ ‘জাদু’ অনুপস্থিত বলে মনে করেন তিনি।

সম্প্রতি মির্চি ইউএইকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই দেশের জনপ্রিয় এই মিউজিক শোর সুর, পরিবেশনা ও আয়োজনের পার্থক্য তুলে ধরেন আতিফ। উপস্থাপক যখন তাকে প্রশ্ন করেন, পাকিস্তানি কোক স্টুডিও কোন দিক থেকে এগিয়ে, তখন কোনো দ্বিধা না করে মুচকি হেসে এক শব্দে উত্তর দেন‘জাদু!’

আতিফের ভাষ্য, সুর ও সংগীতের দিক থেকে দুই দেশই দারুণ কাজ করছে। তবে ভারতের কোক স্টুডিওতে এক ধরনের যান্ত্রিকতা ও অতিরিক্ত বাণিজ্যিক চিন্তা ঢুকে পড়েছে। তার মতে, ভারতীয় সংস্করণটি অনেক বেশি বাণিজ্যিক নির্ভর হয়ে পড়ায় সেখানে আগের সেই স্বতঃস্ফূর্ততা ও ‘জাদু’ নেই।

অন্যদিকে পাকিস্তানি কোক স্টুডিও সংগীতের মৌলিকতা ও মাটির খাঁটি গন্ধ ধরে রাখার চেষ্টা করে বলে মনে করেন আতিফ। সেখানে শিল্পীরা নিজেদের সৃজনশীলতা ও আবেগকে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ পান। নিজের মনের মাধুরী মিশিয়ে গান তৈরির স্বাধীনতাও শিল্পীদের রয়েছে বলে জানান তিনি।

কোক স্টুডিও পাকিস্তানের সাফল্যের অন্যতম পরিচিত মুখ আতিফ আসলাম নিজেই। শোটির বিভিন্ন মৌসুমে তার পরিবেশিত গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে সিজন ৮-এ তার গাওয়া সুফি গান ‘তাজদারে হারাম’ এবং সিজন ১২-এর ‘ওহি খোদা হ্যায়’ শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। পরবর্তী সময়ে সিজন ১৪-এর ‘সাজন দাস না’ কিংবা ‘গো’-এর মতো আধুনিক পপ-ফিউশন গানেও নিজের স্বতন্ত্রতা ধরে রেখেছেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘জহের’ সিনেমার ‘ভো লামহে’ গান দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন আতিফ আসলাম। এরপর ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’, ‘তু জানে না’, ‘জিনা জিনা’ ও ‘দিল দিয়া গাল্লা’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়ে ভারতীয় উপমহাদেশের সংগীতপ্রেমীদের কাছে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

দীর্ঘ ১৯ বছর পর নিজের নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ নিয়ে ফিরেছেন ‘আদত’খ্যাত এই গায়ক। নতুন অ্যালবাম প্রসঙ্গে আতিফ জানিয়েছেন, কোনো প্রথাগত নিয়ম বা বাঁধাধরা কাঠামোর মধ্যে নিজেকে আটকে না রেখে নিজের মতো করে গান তৈরি করার তাগিদ থেকেই এই নতুন যাত্রার সূচনা করেছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪