নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিপু সুলতান ও মফিজার শেখের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর কিছুক্ষণ পর বেলা ৩টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে ইসলাম শেখকে একা পেয়ে টিপু সুলতানের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত টিপু সুলতানের পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/রাফিদ