রিপোর্টার্স২৪ ডেস্ক: খুলনা নগরীতে থানার কাছেই দিনদুপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তিন ব্যক্তি। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশের টহল দল খুনিদের ধাওয়া করলেও তাদের আটক করতে পারেনি। প্রকাশ্য দিবালোকে থানার অদূরে এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি দৌলতপুর থানা থেকে আনুমানিক ২০০ থেকে ৩০০ মিটার দূরে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি তার বুক ও পিঠে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় পুলিশের একটি টহল দল খুনিদের ধাওয়া করে। তবে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম