| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে তালা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ১৯:২০:৫৮:অপরাহ্ন  |  ২৫৮৯১ বার পঠিত
সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে তালা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে সিজারের ৪ দিন পর প্রসূতির মৃত্যুর অভিযোগে নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বৈধ কোনো লাইসেন্স ও অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে তালা লাগিয়ে বন্ধ ও প্রতিষ্ঠানের মালিকে ৫হাজার টাকা অর্থদন্ড করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ক্লিনিকটির প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিক সুজা উদ্দিনকে ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ক্লিনিকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

জানা গেছে, নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের স্বজনদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। এরপরই তিনি ক্লিনিকে অভিযান চালান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি জানান, সিজারিয়ান অপারেশনের চার দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পরই এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্লিনিকের বৈধ কাগজ ও স্বাস্থ্যসেবার মান খতিয়ে দেখা হয়, তবে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। ফলে বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী জরিমানা আরোপ করা হয় এবং প্রতিষ্ঠানে থাকা সবাইকে বের করে দিয়ে ক্লিনিকটি তালাবদ্ধ করা হয়।

তিনি আরও জানান, এলাকায় লাইসেন্সবিহীন ও মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখসহ থানা পুলিশের একটি টিম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪