| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ২১:৩০:১৩:অপরাহ্ন  |  ৭৫৭৯ বার পঠিত
চাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি’ শেষ হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চাকসু কেন্দ্রে এ উপলক্ষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে সামলে নেওয়া এবং ব্যক্তিগতভাবে দৃঢ় ও সক্ষম হয়ে ওঠার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, প্রশিক্ষক রাইয়া আমীন এবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন আত্মরক্ষা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের শারীরিক আত্মরক্ষার পাশাপাশি ব্যক্তিগতভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেভাবে স্বাধীন ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪