| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, জেলা হাসপাতালে ভর্তি ৬৮ রোগী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ২০:০৮:৩৩:অপরাহ্ন  |  ১২৪৩ বার পঠিত
বাগেরহাটে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, জেলা হাসপাতালে ভর্তি ৬৮ রোগী

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন অন্তত ২২ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৫৫৮ জন। এর মধ্যে শুধু বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১৭২ জন।

হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

এদিকে, রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার সরঞ্জাম ও বাজেট সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার।

তিনি বলেন, ‘যে পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, আমাদের পক্ষে সেই অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার বাজেটেও স্বল্পতা দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের পরীক্ষার সরঞ্জামাদি ব্যবহার অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই অনতিবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪