স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়ে তাকে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে প্রশাসনিক কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো।
এর আগে বুধবারই গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ