| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবি স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ১৪:২৫:০৯:অপরাহ্ন  |  ১১৭৬ বার পঠিত
রাবি স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন না থামায় চেইন টানার ঘটনায় এক শিক্ষার্থীকে মারধর, গালিগালাজ ও হেনস্তার অভিযোগ উঠেছে ট্রেনে দায়িত্ব পালনরত টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে। তবে শিক্ষার্থীকে মারধর বা হেনস্তা করা হয়নি দাবি করে রেলওয়ের মহাপরিচালক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেছেন, নিয়ম ভঙ্গের কারণে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। পরে ন্যূনতম জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মৃন্ময় চক্রবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী।

মৃন্ময় চক্রবর্তী বলেন, কয়েক দিন ধরে সাগরদাঁড়ি ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে রাতে থামছে বলে জানতে পারেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী মিলে ট্রেনটির চেইন টানেন। পরে রেলওয়ের কর্মীরা তাঁকে আটক করেন। ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি রেলের নিয়ম অনুযায়ী জরিমানা বা শাস্তি মেনে নেওয়ার কথা জানান তিনি।

তবে মৃন্ময়ের অভিযোগ, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই তাঁকে কটূক্তি, গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, চেইন টানা তাঁদের ভুল হয়েছে এবং তাঁরা বারবার ক্ষমা চেয়েছেন। রেলের আইনে যে শাস্তি রয়েছে, তা মেনে নিতে তাঁরা প্রস্তুত ছিলেন। কিন্তু ভুলের কারণে কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত, অপমান বা হুমকি দেওয়া কাম্য নয়।

মৃন্ময় আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে কয়েকটি ট্রেনের যাত্রাবিরতির দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হলেও তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রেলে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এদিকে রেলওয়ের মহাপরিচালক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, নিয়ম ভঙ্গ করায় শিক্ষার্থীকে কোনো হেনস্তা করা হয়নি। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে ন্যূনতম জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থী হওয়ায় তাঁর ভবিষ্যতের কথা বিবেচনা করে জেল বা কঠোর শাস্তি না দিয়ে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে লঘু জরিমানা আদায় করা হয়েছে। পূজার আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেনের নতুন স্টপেজ চালু হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেটা হচ্ছে বিষয়টি সমাধান হয়েছে। শিক্ষার্থীরাও একই ট্রেনের যাত্রী, আর কর্মচারীরাও ওই ট্রেনেরই যাত্রী। শিক্ষার্থীরা যদি সত্যিই হেনস্তার শিকার হয়ে থাকে, তবে উপযুক্ত প্রমাণসহ প্রয়োজন হলে রেল কর্তৃপক্ষের কাছে তা জানানো হবে। প্রমাণ পাওয়া গেলে আমরা অবশ্যই রেল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

এর আগে গত ২১ জুলাই ট্রেনে রসিদ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে প্রায় ১০ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই সময় তাঁরা চার দফা দাবি জানান।

দাবিগুলোর মধ্যে ছিল—অভিযুক্ত টিটিইকে সশরীরে শিক্ষার্থীদের সামনে উপস্থিত করা, ঘুষ গ্রহণের অভিযোগে তাঁকে প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী বহিষ্কার, যাত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা।

পরবর্তী সময়ে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সাগরদাঁড়ি এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দেবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪