| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ, আহত কয়েকজন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ২০:৪৬:১৭:অপরাহ্ন  |  ৯৩৪ বার পঠিত
রাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ, আহত কয়েকজন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়াসহ দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে দুই বিভাগের মধ্যকার খেলা শেষে স্লেজিং ও উদযাপনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল ৩টায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রাউন্ড অব ১৬-এর ম্যাচে ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। এতে ইতিহাস বিভাগ জয়লাভ করে। পরে দুই বিভাগের দর্শকদের মধ্যে স্লেজিংকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দুই বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী আহমেদ সানাউল্যাহ রাফসান অভিযোগ করেন, পুরো ম্যাচজুড়েই ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের খেলোয়াড়রা গালিগালাজ ও আক্রমণাত্মক আচরণ করছিলেন। ম্যাচ জয়ের পর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা উদযাপন করছিলেন। এ সময় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের গোলরক্ষক ও অধিনায়ক ইতিহাস বিভাগের এক খেলোয়াড়কে আক্রমণ করেন বলে দাবি করেন তিনি।

রাফসান বলেন, একপর্যায়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এক শিক্ষার্থীর হাতে থাকা ইটের আঘাতে ইতিহাস বিভাগের ডিফেন্ডার জিমের মাথা ফেটে যায়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নেওয়া হয়। ইতিহাস বিভাগের পক্ষ থেকে কোনো ইট ছোড়া হয়নি দাবি করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান জামান বলেন, ম্যাচ শেষে পেনাল্টি শুটআউট চলাকালে গ্যালারি থেকে স্লেজিং হচ্ছিল। ইতিহাস বিভাগ জয়ের পর গ্যালারি থেকে তাদের গোলরক্ষককে ইট দিয়ে আঘাত করা হয়। বিষয়টি দেখানোর পর ইতিহাস বিভাগের কয়েকজন খেলোয়াড় গোলরক্ষকের দিকে তেড়ে এলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। এতে তাদের কয়েকজন খেলোয়াড়ও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

হাসান জামান আরও বলেন, মাঠে সিসি ক্যামেরা রয়েছে এবং খেলা পরিচালনা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

এ বিষয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, খেলাটি শুরু থেকে সুন্দরভাবেই চলছিল। টাইব্রেকারে ইতিহাস বিভাগ জেতার পর একপর্যায়ে মারামারি ও উত্তেজনা দেখা দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

তিনি বলেন, ইতিহাস বিভাগের একজন শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার বিষয়টি তিনি ঘটনাস্থলে দেখেননি, তবে পরে জানতে পেরেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। যারা অপরাধী, প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে খেলাগুলো স্বাভাবিকভাবে চলতে পারবে।

খেলায় খেলোয়াড় প্রবেশের বিষয়ে তিনি বলেন, নিজে গেটে তালিকা ধরে দায়িত্ব পালন করেছেন এবং তালিকার বাইরে কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪