মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে কৃষিজমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প নির্মাণের প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের চাঁদবিল ৭১ নম্বর মৌজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁদবিল গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য কৃষিজমি অধিগ্রহণ বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী ও শরিফুল ইসলাম বকুল।
বক্তারা বলেন, চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। কৃষিকাজই তাদের জীবিকার প্রধান অবলম্বন। ইতোমধ্যে মহাসড়কের পাশে ইম্প্যাক্ট হাসপাতাল, ব্র্যাক সিড অফিস, ফিলিং স্টেশন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানি ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার কৃষিজমি অনেকটাই কমে গেছে।
তারা বলেন, বর্তমানে যে সামান্য কৃষিজমি রয়েছে, সেগুলোও অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প নির্মাণ করা হলে অনেক কৃষক জীবিকা হারাবেন। এতে তাদের পরিবারকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে।
বক্তারা কৃষকদের জীবিকার স্বার্থে অবশিষ্ট কৃষিজমি অধিগ্রহণ না করার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, সজিব আলী, আশরাফ আলী, আবুল কালাম, জাকের আলী, শরিফুল ইসলাম ও মতিউর রহমানসহ স্থানীয় বাসিন্দারা।
রিপোর্টার্স২৪/রাফিদ