বেনাপোল প্রতিনিধি: প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে আবারও চালু হতে যাচ্ছে খুলনা-কলকাতা রুটের ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো ট্রেন চলাচলের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে প্রতিদিন হাজারো পাসপোর্টধারী যাত্রী এবং শত শত আমদানি-রপ্তানিবাহী ট্রাক চলাচল করে। যাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াতের সুবিধার্থে ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-বেনাপোল-কলকাতা রুটে চালু করা হয় ‘বন্ধন এক্সপ্রেস’।
তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনা হওয়ায় বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই রেল যোগাযোগ চালু করা হবে। বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আয়নাল হাসান জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে স্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে ওয়েটিং রুমসহ প্রয়োজনীয় স্থাপনা প্রস্তুতের কাজ চলছে।
বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস চালু হলে ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে দুই দেশে যাতায়াতকারী যাত্রীরা উপকৃত হবেন। এতে যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রিপোর্টার্স২৪/রাফিদ