মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে জুয়েল হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গাড়াডোব এলাকা থেকে তাকে আটক করে। জুয়েল হোসেন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হাশেম আলীর ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মাছ ধরার ছিপ দিয়ে মাছ ধরার কথা বলে শিশুটিকে বাড়ির বাইরে নিয়ে যান জুয়েল। পরে তাকে একটি আমবাগানের নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চান। একপর্যায়ে শিশুটি তাদের কাছে ঘটনার কথা জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গাড়াডোব এলাকা থেকে জুয়েল হোসেনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ