রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইএমএফের কোনো শর্ত আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এমন কোনো শর্ত নেই। আইএমএফের বেসিক নিয়ম যেটা আছে, তারা চায় না একটা সরকার খুব বেশি ভর্তুকি দিক। এটা তাদের গ্রস নিয়ম।
তিনি বলেন, আপনি খেয়াল করলে দেখবেন, এই নিয়ম আমরা সবসময় সবকিছু মেনে যাচ্ছি, নট নেসেসারিলি।
এমনকি আমাদের যেসব গার্ডের প্রজেক্ট আছে, যা যা আছে, এগুলোর ব্যাপারেও তাদের আসলে যে খুব কমফোর্টেবল, তা কিন্তু না। কিন্তু আমরা আমাদের জনগণের কল্যাণে এটা করছি। এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই।
জাহেদ উর রহমান বলেন, আমরা যে পরিমাণ ভর্তুকি জ্বালানি হিসেবে দিচ্ছি, যদি এই তরল জ্বালানির সঙ্গে গ্যাস এবং বিদ্যুৎকে যোগ করি, তাহলে দেখুন কত বড় অঙ্কের ভর্তুকি আছে। এই ভর্তুকি কমাতে হবে। এটা আমাদের খুবই বেসিক অর্থনৈতিক জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি।
তিনি বলেন, এখন কতটুকু কমাবো, কোনটায় কতটুকু কমানো যেতে পারে, আমরা হয়তো সেই সিদ্ধান্ত নিচ্ছি।
জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আইএমএফের কোনো শর্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত করে দেখার সুযোগ নেই। সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেওয়া ভর্তুকির পরিমাণ কমানো এবং এ ক্ষেত্রে কতটা সমন্বয় করা হবে, তা নির্ধারণ করা।
রিপোর্টার্স২৪/ঝুম