| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্টেশন সংস্কার ও ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি রাবি শিক্ষার্থীদের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৪:২৮:২৫:অপরাহ্ন  |  ২২ বার পঠিত
স্টেশন সংস্কার ও ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় স্থায়ী সমাধান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি গুলো হলো—বিশ্ববিদ্যালয়-সংলগ্ন রেলওয়ে স্টেশন সংস্কার ও প্রতিটি ট্রেনের স্টপেজ নিশ্চিত করা, আইয়ুব আলীর ওপর হামলায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, পরপর দুই রাতে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, চলমান বিরোধ ও সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত সংলাপ নিশ্চিত করা এবং কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যের দ্বারা হয়রানি, নির্যাতন বা অন্যায়ের শিকার হলে দ্রুত অভিযোগ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তারা বলেন, একজন শিক্ষার্থী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর পরও স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় শিক্ষার্থীরা আহত হওয়ায় বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় তাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হলে তার প্রতিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার অনাকাঙ্ক্ষিত ও সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক। এ পরিস্থিতির স্থায়ী সমাধানে কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘রেলওয়ে কর্তৃক আবারও হেনস্থা বা পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে, যে ট্রেন থেকে এটি ঘটবে সেই ট্রেন আটকিয়ে ট্রেনের কর্তব্যরত কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করব। প্রয়োজন পরিবহন দপ্তরের গাছের সঙ্গে বেঁধে রাখব।’

এ সময় শিক্ষার্থীরা রেলমন্ত্রীকে বিষয়টিতে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান। তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে চলমান সংকট নিরসনে রেল মন্ত্রণালয়, রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রেলওয়ে-সংক্রান্ত শিক্ষার্থীদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪